রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ভারী বর্ষণে চলন্ত অটোরিকশার উপর পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অজয় বড়ুয়া ও সুজয় মং মরমা।
পাহাড়ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল।
তিনি জানান, রাউজান থেকে বাগান দেখার জন্য একটি সিএনজি অটোরিকশা করে বাঙ্গালহালিয়া থেকে যাওয়ার পথে রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়ায় পাশের পাহাড় ধসে অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করছে।