তীব্র স্রোত ও পলিতে পদ্মায় নৌযান চলাচল ব্যাহত

পদ্মায় পানি বৃদ্ধিতে তীব্র স্রোত ও পলি জমে দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে ডুবোচর এড়িয়ে চলাচলের সময় বৃহস্পতিবার রাতে দুটি ফেরির সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে কোনো ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। স্রোতের সঙ্গে আসছে প্রচুর পরিমাণ পলিমাটি। এতে পদ্মার মধ্যে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে পলি জমে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে।

এদিকে তীব্র স্রোতের কারণে ফেরিগুলোতে মূল পদ্মা নদী পার হতে আগের চেয়ে দেড়গুণ সময় লাগছে। লঞ্চ ও স্পিডবোটগুলোও ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে। প্রতি বছর বর্ষার সময় এই রুটে নৌযান চলতে এমন সমস্যায় পড়তে হয়। এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বিআইডব্লিটিএ।

গত বৃহস্পতিবার রাতে শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরি ‘রামশ্রী’র সঙ্গে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে যাওয়া ফেরি ‘কিশোরী’র ধাক্কা লাগে। এতে

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, এমনিতেই পদ্মায় সরু চ্যানেল দিয়ে ফেরি চলতে হিমশিম খেতে হয় চালকদের। তার উপর পদ্মায় পলি জমে চ্যানেলের মুখ সরু হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উভয় ফেরিতে ছোট-বড় ২০টি যানবহানসহ ৩ শতাধিক যাত্রী ছিল। কিশোরী নামের ফেরির তলা ফেটে গিয়ে পানি উঠতে শুরু করে। তবে চালকরা তা নিয়ন্ত্রণ করে দ্রুতই ঘাটের দিকে নিয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।