মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় শনিবার বিকেলে প্রাইভেট কার উল্টে মহসিন সর্দার (৫০) নামে যশোরের এক ব্যবসায়ী ও তার স্ত্রী রীনা বেগম (৪৫) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকেল ৫ টার দিকে নিজস্ব গাড়িতে যশোরের জনতা লাইব্রেরীর মালিক মহসিন সর্দার, তার স্ত্রী রীনা বেগম, মেয়ে তাসমিন, ভাতিজা হাসান ইমাম পারিবারিক প্রয়োজনে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। মহসিন সর্দার নিজেই ড্রাইভ করছিলেন।
তাদের বহনকারী প্রাইভেট কারটি মাগুরা শহরের কাছাকাছি সীতারামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম।
নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতাল লাশঘরে রাখা হয়েছে। আহত দু’জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশংকামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হতাহতদের বাড়ি যশোরের কাজি পাড়ায়।