নিউজিল্যান্ড যে কোনো কিছুই করতে পারে: উইলিয়ামসন

নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় ৫০ ওভারের বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ড না নিউজিল্যান্ড, রোববার লর্ডসের ব্যালকনিতে শিরোপা নিয়ে উল্লাস করবে কারা সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় সবাই।

একদিকে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা, অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং। লড়াইটা শেয়ানে শেয়ানেই হওয়ার কথা। ফাইনালের আগে ইংল্যান্ডকে কেউ যদি ফেভারিট বলে, তাতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তবে কিউই অধিনায়ক এও বলে দিচ্ছেন, যে কোনো কিছুই সম্ভব।

সেমিফাইনালে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে এসেছে ইংল্যান্ড। সেটিও ২৭ বছর পর। ১৯৯২ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দেশটি। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কেটেছে কিউইরা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও দারুণ এক জয় তুলে নেয় দেশটি।

ফাইনালের আগে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন বলেন। শিরোপার মঞ্চে ইংল্যান্ড ফেবারিট আর নিউজিল্যান্ড আন্ডারডগ কিনা এমন প্রশ্নে উইলিয়ামসন বলেন, ‘‘আমি বলব ইংল্যান্ড ফেভারিট তকমা পাওয়ার দাবি রাখে। আসরের শুরু থেকেই তাদের ফেভারিট মানা হচ্ছিল। সত্যিই তারা দারুণ ক্রিকেট খেলেছে।

এরপর উইলিয়ামসন আন্ডারডগ প্রসঙ্গে একটু মজার ছলে বললেন, ‘‘আমরা যেমন ডগই হই না কেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমরা যেমন খেলতে চাই সেটা পারছি কিনা।’’

পরে আরেকবার এমন প্রশ্ন উঠতেই প্রশ্ন কর্তাকে বললেন, ‘‘পার্টি প্রোপোজ? আপনি কি আবারো ডগ নিয়ে কথা বলতে চান (হেসে)।’’

উইলিয়ামসন যোগ করে বলেন, ‘‘দেখুন, আমরা এই উপলক্ষকে স্মরণীয় করা জন্য উন্মুখ হয়ে বসে আছি। শেষ বিন্দু আর ফলাফলের জন্য। তাই এই দিকেই নজর দিতে চাই। বাইরের কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি না।’’

রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয়ে ফাইনাল ম্যাচটি।