পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগমকে (৩৮) পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার চরনী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সেলিনাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা বেগম জানান, উপজেলার চরনী পত্তাশী এলাকায় তার স্বামীর একটি জমি নিয়ে স্থানীয় আলমগীর হাওলাদার ও আলাউদ্দিন হাওলাদারের সঙ্গে বিরোধ চলে আসছে। শুক্রবার তিনি স্বামীকে নিয়ে সেই জমিতে ধানবীজ রোপণ করে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় স্থানীয় রশিদ হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, আলমগীর হাওলাদার, বাদশা মৃধা, বশির মৃধা, শহিদুল হাওলাদার, নাইম হাওলাদার ও গফ্ফার হাওলাদারসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সেলিনা বেগমকে ধরে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে লোহার রডে পাটের বস্তা পেঁচিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে ফেলে এবং তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। হামলাকারীরা তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, স্বর্ণের দুল ও চেইন এবং প্রায় চার হাজার টাকা লুটে নেয়।
জেলা হাসপাতালের আরএমও ননী গোপাল রায় জানান, সেলিনা বেগমের দুই পা আঘাতের কারণে ভেঙে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম আছে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে এ বিষয়ে থানায় এখানো কেউ অভিযোগ করেনি।