সিনেমাটি আলোর মুখ দেখবে জেনে খুশি হয়েছি

আলোচিত মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ। মাঝে অভিনয় থেকে দূরে থাকলেও আবার ফিরেছেন। এখন দুটি সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে

এখন প্রসূন

আমি এখন কাজ ছাড়া বাসার বাইরে বের হই না। প্রচুর বই পড়ছি। অযথা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে কোনো লাভ নেই। একটা সময় অনেক কিছু করেছি। তা বেশির ভাগ সময় হিতে বিপরীত হয়েছে। এখন কাজ আর নিজেকে নিয়ে থাকতে চাই।

 

দুই সিনেমার ব্যস্ততা

শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আমার। ২০১৪ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর চেয়েছিলাম শুধুই সিনেমায় ব্যস্ত থাকতে। তারই ধারাবাহিকতায় ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ নামের দুটি চলচ্চিত্রে কাজ করেছিলাম। কিন্তু মনের মতো কাজ না পাওয়ায় আবার ছোট পর্দায় ফিরতে হয়। তবে সেখানে কিছু ঝামেলার জন্য মাঝে অভিনয় থেকে দূরে ছিলাম। সম্প্রতি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ শিরোনামের একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরেছি। এরপর ‘পদ্মাপুরাণ’ শিরোনামের আরও একটি সিনেমা শুরু করেছি। এটির নির্মাতা রাশিদ পলাশ। কথা আছে এই বছরই সিনেমা দুটি মুক্তি পাবে।

 

ছোট পর্দা থেকে দূরে

আপাতত ছোট পর্দা থেকে দূরে আছি। আসছে ঈদের কোনো নাটকে অভিনয় না করারও সিদ্ধান্ত নিয়েছি। কারণ ছোট পর্দায় নিজের পছন্দের চরিত্র পাই না। গতানুগতিক চরিত্রের নাটকে আর কত কাজ করব। সেই কারণে ছোট পর্দায় এখন কোনো কাজ করছি না। যদি ব্যতিক্রম কোনো গল্প-চরিত্র পাই তাহলে কাজের বিষয়ে ভেবে দেখব। এ জন্য অবশ্য আমি নিজেই কিছুটা দায়ী। কারণ আমি এখন বেশ মুটিয়ে গেছি। ফলে এখন আমার কাছে যে চরিত্র আসছে তা আমার বাস্তব বয়সের চেয়ে অনেক বেশি। হুট করে বয়সী চরিত্র পেয়ে কয়েকটি কাজ করেছিও। কিন্তু এখন তাও আর ভালো লাগছে না। আবার ফিট হয়ে নতুন ধরনের চরিত্র নিয়ে হাজির হব। যে চরিত্রে আমার বয়স ও ব্যক্তিত্ব মানিয়ে যায় সে ধরনের কাজই এখন করতে চাই।

 

অবশেষে ‘মৃত্যুপুরী’...

শুনলাম ‘মৃত্যুপুরী’ সিনেমাটির নাম পরিবর্তন করে ‘অন্ধকার রাজত্ব’ রাখা হয়েছে। তবে এই বিষয়টি পরিচালক জায়েদ রেজওয়ান ভালো বলতে পারবেন। আমি জানি, এই সিনেমাতে আমার অংশটুকুর শ্যুটিং শেষ করে ফেলেছি। শুধু ডাবিং বাকি আছে। তখন ৫০ ভাগ শ্যুটিং হয়েছিল। দৃশ্যগুলো দেখে খুব ভালো লেগেছিল। অনেক স্বপ্ন দেখেছিলাম সিনেমাটি নিয়ে। যাই হোক, সমস্ত অন্ধকার কাটিয়ে সিনেমাটি আলোর মুখ দেখবে

জেনে খুশি হয়েছি।