জেলা প্রশাসক সম্মেলন শুরু আজ

৫৩ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি

গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে নেওয়া ৫৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি, যা মোট সিদ্ধান্তের প্রায় সাড়ে ১৪ শতাংশ। বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আরও জানা গেছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন বলা হলেও বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি দুয়েকটি চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অনেক সিদ্ধান্ত ডিসিদের সহযোগিতার অভাবেও বাস্তবায়ন হয়নি। অনেক সিদ্ধান্তের বিষয়ে কেবল প্রস্তাব পাঠানো হয়েছে। অনেক সিদ্ধান্ত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। এ ছাড়া গত বছর নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ‘নিষ্পন্ন’ দেখানো হলেও অনেক সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

এদিকে আজ শুরু হচ্ছে এবারের ডিসি সম্মেলন। অন্যান্য বছর তিন দিনের সম্মেলন হলেও এবার তা বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। এবারই প্রথম প্রধান বিচারপতি, স্পিকার ও তিন বাহিনীপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন ডিসিরা। আজ সকালে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলেও কার্য-অধিবেশনগুলো হবে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে।

গত বছর জুলাই মাসে ডিসি সম্মেলন শুরু হয়েছিল ৩৪৭টি সুপারিশ নিয়ে। সম্মেলনের অধিবেশনগুলোতে আরও ১৯টি তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে সিদ্ধান্ত হয় ৩৬৬টি। এর মধ্যে ৫৩ সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। যার ১০টি স্বল্পমেয়াদি, ২৪টি মধ্যমেয়াদি এবং বাকি ১৯টি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত। বাস্তবায়নের সুবিধার জন্য সিদ্ধান্তগুলোকে তিন ধাপে ভাগ করা হয়।

লালমনিরহাটের ডিসির প্রস্তাবে সড়ক দুর্ঘটনা ও যানজট কমানোর জন্য থ্রি-হুইলার এবং যন্ত্রপাতি আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার খুচরা যন্ত্রাংশ আমদানি নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক

 বিভাগের সহায়তায় সিদ্ধান্তটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্তটি ছিল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্বল্পমেয়াদি। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ব্যয়ের সুনির্দিষ্ট নীতিমালা তৈরির সিদ্ধান্ত হয় গাইবান্ধার ডিসির প্রস্তাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টিউশন ফি ব্যয়ের নীতিমালা তৈরির কাজ চলছে। সিদ্ধান্তটি ছিল মধ্যমেয়াদি। 

গতবার প্রায় সব ডিসি ভূমি সংক্রান্ত সেবা দ্রুত সম্পাদন ও সমন্বয়ের জন্য রেজিস্ট্রেশন, জরিপ ও ব্যবস্থাপনাকে একই ছাতার নিচে আনার সুপারিশ করেন। তাদের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্তটি বাস্তবায়নাধীন রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইনে ভূমি রেজিস্ট্রেশন ও নামজারির প্রচলন করা এবং তা দিয়ে সমন্বিত ডিজিটাল রেকর্ড পদ্ধতি প্রচলনের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সর্বশেষ আরএসের ভিত্তিতে খতিয়ান ও মৌজা ম্যাপ স্ক্যানিং করেছে। এসি ল্যান্ড, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসের মধ্যে ইলেকট্রনিক লিঙ্ক স্থাপন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। 

বর্তমানে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের মামলার রায়ের বিরুদ্ধে ৪৫ দিনের মধ্যে মামলা করতে হয়। সিরাজগঞ্জের ডিসি সরকারের স্বার্থরক্ষায় আপিলের সময় ৯০ দিন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন। সম্মেলনে নেওয়া মধ্যমেয়াদি এ সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। একাধিকবার বিষয়টি এজেন্ডা আকারে মন্ত্রিসভায় নেওয়া হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।   

ব্রাহ্মণবাড়িয়ার ডিসির প্রস্তাবে রাজস্ব আদায় বাড়াতে হাট-বাজারের চান্দিনাভিটার বন্দোবস্ত সেলামি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ডিসিদের অসহযোগিতায় এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব আদায় বাড়াতে গত ডিসি সম্মেলনের পর মতামত দেওয়ার জন্য সব ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল। ৪০ জন ডিসি মতামত দিয়েছেন। অবশিষ্ট ২৪ জনকে তাগাদাপত্র দেওয়া হয়েছে।

ময়মনসিংহের ডিসির প্রস্তাবের প্রেক্ষিতে জলমহাল নীতিমালায় নিকটবর্তী মৎসজীবীর সংজ্ঞা স্পষ্ট করার সিদ্ধান্ত হয়েছিল। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৯ সালের সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল। কিছু পর্যবেক্ষণ দিয়ে ভূমি মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। পর্যবেক্ষণ অনুযায়ী খসড়াটি সংশোধন করে পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জনদুর্ভোগ কমাতে ঢাকার ডিসির প্রস্তাবের ভিত্তিতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। সংশোধনের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকার ডিসির প্রস্তাবে কৃষিজমি অকৃষি জমিতে রূপান্তর বন্ধে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। এ নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিষয়টি চলমান আছে। মহিলা কর্মজীবীদের জন্য জেলা পর্যায়ে ডরমিটরি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন সাতক্ষীরার ডিসি। এ সিদ্ধান্তও বাস্তবায়নাধীন রয়েছে।

ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় একটি নৌ-থানা গঠনের প্রস্তাব দিয়েছিলেন গাইবান্ধার ডিসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি নৌ-থানা গঠনে গত বছরের ১৪ অক্টোবর পুলিশ অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে। পুলিশ অধিদপ্তর থেকে জবাব পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের ডিসি ১৮৬০ সালের দ-বিধির ২৯০ ধারা সংশোধন করে জরিমানা বাড়ানোর সুপারিশ করেছিলেন। আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতবার বরিশাল মহানগরের ২৩টি খাল খনন ও সংস্কারের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। তারা আরও জানান, উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে মাঠ প্রশাসনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয় বরিশালের ডিসির প্রস্তাবে। প্রকল্পের প্রকৃতি বিবেচনায় প্রয়োজনে মাঠ প্রশাসনের মতামত নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। পানির লবণাক্ততা রোধে মধুমতী নদীতে রাবার ড্যাম স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল গোপালগঞ্জের ডিসির সুপারিশে। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড্যাম নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য কারিগরি কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর ও গাইবান্ধা জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাঁওতাল সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র করার সিদ্ধান্ত হয়েছিল। সাংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে শিল্পকলা একাডেমির মতামত চাওয়া হয়েছে। সিরাজগঞ্জের ডিসির প্রস্তাবে দেওয়ানী মামলা পরিচালনার সুবিধায় সরকারি আইনজীবী নিয়োগ, নিয়োগ বাতিল বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার ডিসিকে দেওয়ার সিদ্ধান্ত হয়। আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহের ডিসির সুপারিশে সিদ্ধান্ত হয়েছিল হয়রানির শিকার ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি স্বার্থসংশ্লিষ্ট আদালত অবমাননা মামলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার এবং এ ধরনের মামলা সরকারি আইনজীবী দিয়ে পরিচালনার বিধান করার। আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আদালত অবমাননা মামলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত হাজিরা রহিতকরণের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ ধরনের মামলার দায় ব্যক্তিগত হিসেবে আইনে উল্লেখ আছে। সিদ্ধান্ত হয়েছে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে কেউ বিপদে পড়লে সরকার মামলা পরিচালনা করবে। এ বিষয়ে নতুন কিছু সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ‘কনটেম্পট অ্যাক্ট’ সংশোধন করতে হবে। এ বিষয়ে ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সব সিটি করপোরেশনে বর্জ্য শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত হয় কুমিল্লা ও বরিশালের ডিসির প্রস্তাবে। এ নিয়ে সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করে চিঠি দেওয়ায় বিষয়টি বাস্তবায়নাধীন দেখানো হয়েছে।

পরিবহন ব্যয় যৌক্তিক করার জন্য ভিজিডি নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত হয় ঢাকার ডিসির সুপারিশে। রংপুর জেলায় একটি কৃষিনির্ভর খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল রংপুরের ডিসির প্রস্তাবে। এসব প্রস্তাব বাস্তবায়নাধীন দেখানো হয়েছে।

নির্দিষ্ট পেশাবিহীন হিজড়াদের জীবিকা নির্বাহের জন্য হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছিল জামালপুরের ডিসির প্রস্তাবের প্রেক্ষিতে। এই সিদ্ধান্তটিও বাস্তবায়নাধীন রয়েছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, বিভিন্ন জেলায় হিজড়াদের বিভিন্ন ট্রেডে আর্থ-সামাজিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণোত্তর সহায়তা দেওয়া হয়। কিছু হিজড়া প্রশিক্ষণ শেষে সেলাই, রান্না বা বিউটি পার্লারে কাজ করছে। তবে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সফল হিজড়াদের সংখ্যা নগণ্য।

মাঠ পর্যায়ে চিকিৎসাসেবাকে কার্যকর করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার পদ সৃজন এবং আবাসিক মেডিকেল অফিসারের পদকে সিনিয়র স্কেলে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলেন নাটোরের ডিসি। একই সঙ্গে তিনি ডেপুটি সিভিল সার্জনের পদ সৃজনের প্রস্তাব দিয়েছিলেন। এসব বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। এ কারণে সিদ্ধান্তটি বাস্তবায়নাধীন রয়েছে।

তিন পার্বত্য জেলায় ছোটখাটো ঝরনার সংযোগস্থলে বড় অকারের স্থায়ী জলাধার নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল বান্দরবানের ডিসির প্রস্তাবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্থান নির্বাচনের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে।

উন্নয়ন কর্মকা-ে বালু ও মাটির অপ্রতুলতা দূর করার জন্য এসব উত্তোলনের অনুমোদনের ক্ষমতা স্থানীয় প্রশাসনের কাছে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছিল গতবার। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়গুলোর অনুমোদন ভূমি মন্ত্রণালয় দিয়ে থাকে। এ অনুমোদনের ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাতে দিতে হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন পরিবর্তন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আইনটি এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিষয়টি বাস্তবায়নাধীন রয়েছে। মাদারীপুরের ডিসির প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিটি ডিসি অফিস এবং সার্কিট হাউজের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া গেলে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ছাড়া নদীতে খাঁচায় মাছ চাষের নীতিমালা করার সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। প্রস্তাবটি দেন কুড়িগ্রাম ও চাঁদপুরের ডিসি।