গরীবের জন্য কষ্ট হলেও যানজটমুক্ত হতে রিকশা ভাঙবেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ১৫ হাজার অবৈধ রিকশা ভেঙে ফেলবেন বলে জানিয়েছেন। 

রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণে বাজেট ঘোষণার পর জনতার মুখোমুখি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র আইভী।

মেয়র আইভী বলেন, ‘গরিব মানুষের রিকশাগুলো এনে ভেঙে ফেলতে আমার খুবই কষ্ট হয়। কিন্তু শহরকে যানজটমুক্ত রাখতে হলে এ ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমাদের সাড়ে ১০ হাজার বৈধ রিকশা আছে কিন্তু নারায়ণগঞ্জে রিকশা চলে প্রায় ২৫ হাজার।’

এ ছাড়া যানজট নিরসনে মেয়র আইভী দিনের বেলা শহরে ট্রাক প্রবেশ বন্ধ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও দিনের বেলা মাল খালাস বন্ধের আহ্বান জানান।

বাজেট ঘোষণায় মেয়র আইভী নারায়ণগঞ্জকে পরিবেশবান্ধব, সুস্থ, নিরাপদ ও দারিদ্র্যমুক্ত পরিকল্পিত নগর হিসেবে গড়ার লক্ষ্যে কাজের কথা জানান এবং উন্নয়নকাজ অব্যাহত রাখার স্বার্থে নিয়মিত কর পরিশোধের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামূল হকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।