জ্বালানি আইসিটিতে সহযোগিতা করবে কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ন্যাক-ইয়ন বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে তার দেশ বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও তথ্য প্রযুক্তি খাতে  সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল রবিবার আয়োজিত কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন (কেআইটিএ) যৌথভাবে বিজনেস ফোরামের আয়োজন করে।

ন্যাক-ইয়ন বলেন, কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতা করবে।

বাংলাদেশের পণ্য উৎপাদন বহুমুখীকরণের পরামর্শ দেন তিনি। বলেন, তৈরি  পোশাক ও শিপ বিল্ডিংয়ে নির্ভর না করে বাংলাদেশকে এখন রপ্তানি পণ্য বহুমুখীকরণের দিকে যেতে হবে।

 কোরিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বহুমুখী পণ্য উৎপাদনে বাংলাদেশে হাইটেক পার্ক স্থাপনে সহযোগিতা করবে তার দেশ।’

ন্যাক-ইয়ন বলেন, বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে যেতে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিপাদ্যকে মূল স্তম্ভ হিসেবে বেছে নিয়েছে। কোরিয়ান সরকার বাংলাদেশের এই প্রচেষ্টায় শামিল হতে তথ্য-প্রযুক্তি খাতে সহায়তা জোরদার করবে।

তিনি জানান, দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা করতে কোরিয়া বাংলাদেশে আইসিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং আইসিটি পেশীজীবীদের তার দেশে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তিনি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজনেস ফোরামে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও কেআইটিএ চেয়ারম্যান ইয়াং জু কিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ দুদেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।