গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মিনি পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি ন্যাশনাল পার্কের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ৩ জনই পুরুষ। তাদের একজন পিকআপ চালক এবং অপর দুইজন পিকআপের যাত্রী।
দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রো পুলিশের সদর থানার এসআই ইমতিয়াজ জানান, জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, ন্যাশনাল পার্কের সামনে ময়মনসিংহগামী লেনে একটি কাভার্ডভ্যান পার্ক করা ছিল। ময়মনসিংহগামী একটি মিনি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগায়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পিকআপের সামনে থাকা অপর দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহত ৩ জনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ২২ থেকে ৩০ বছরের মধ্যে।