কক্সবাজারের কলাতলীতে গুলিতে নিহত ২ যুবক ঢাকার ‘মাদক ব্যবসায়ী’ বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন, ঢাকার শান্তিবাগ সত্তর মসজিদ রোড এলাকার আব্দুল আজিজের ছেলে বাবু আহমদ রাজ (৩১) ও নীলক্ষেত এলাকার সোনা মিয়ার পুত্র শুক্কুর আলী (৩১)।
এদের মধ্যে বাবু আহমদ রাজের বিরুদ্ধে মাদক আইনে ৪টি ও শুক্কুর আলীর বিরুদ্ধে মাদক আইনে ৮টি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে বলে কক্সবাজার সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহ জানিয়েছেন।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের কাটা পাহাড় থেকে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪ শত ইয়াবা, ২ টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা না গেলেও বিকেলে আমরা তাদের পরিচয় নিশ্চিত হয়েছি। মরদেহ দু’টি এখনো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, মাদক বিক্রির টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে তারা মারা গেছেন।