ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশু এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি জানান, ফেনীর সোনাগাজীতে নুসরাত, বরগুনায় মিন্নির সামনে তার স্বামী রিফাতকে হত্যাসহ বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার নারী ও শিশু এবং তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান রাখার এবং তাদের পরিবার বিচার পাচ্ছে কি নাÑ সে খোঁজ রাখতেও বলেছেন তিনি।
পাবনায় দ-িতদের বাড়িতে যাবেন বিএনপির এমপিরা : ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে আজ পাবনা যাচ্ছেন বিএনপির সাত সংসদ সদস্য। গুলশান থেকে সকাল সাড়ে ৭টায় গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে তারা রওনা হবেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, জিএম সিরাজের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ভূঁইয়া, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।