হজযাত্রীদের ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংক এশিয়া

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের হজের টাকা জমা নেওয়ার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংক এশিয়া। সরকারের ডিজিটালাইজেশন কর্মসূচির আওতায় ২০১৬ সাল থেকে হজে গমনেচ্ছুদের ইন্টারনেটের মাধ্যমে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করার পদ্ধতি প্রবর্তন করে এ সেবা দিচ্ছে ব্যাংকটি।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, ব্যাংক এশিয়া সফলভাবে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি গ্রহণ ও সরকারের হজ পোর্টালে তা এন্ট্রির কাজ করে আসছে। বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য ব্যাংক এশিয়ায় রয়েছে বিশেষ জমা হিসাব ও ব্যাংক গ্যারান্টি সুবিধা। আইবানের মাধ্যমে সৌদি আরবে রেমিট্যান্স পাঠানো, বিমান টিকিট বুকিংয়ের পে-অর্ডার ইস্যু, অন্যান্য ব্যয় নির্বাহের খরচ সৌদি আরবে নেওয়ার জন্য প্রিপেইড ভিসা হজ কার্ড এবং অন্যান্য সেবাও হজ এজেন্সিগুলোর জন্য দিয়ে আসছে ব্যাংকটি।  পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তি তার সম্ভাব্য ব্যয়ের টাকা মাসিক কিস্তিতে সঞ্চয় করার লক্ষ্যে ব্যাংক এশিয়ায় এক বছর থেকে ১০ বছর মেয়াদি ‘মুদারাবা হজ সেভিংস স্কিম’ খুলতে পারেন বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, নাবালকের নামেও এই স্কিম খোলা যায়। ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং কর্র্তৃক পরিচালিত এই হিসাব সম্পূর্ণ শরিয়াসম্মত। এটি ডিপিএসের মতো স্কিম হিসাব এবং মাসের যেকোনো দিন খোলা যায়। নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংকে লাইন ধরে কিস্তির টাকা জমা দিতে হয় না, বরং গ্রাহকের হিসাব থেকে প্রত্যেক মাসের শুরুতে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেওয়া হয়। ‘মুদারাবা হজ সেভিংস স্কিম’ হিসাবের বিপরীতে মুনাফা দেওয়া হয় সর্বোচ্চ পরিমাণে।