বিচারকদের যথাযথ নিরাপত্তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি জানান,
কার্যতালিকায় এলে সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ রিট আবেদনের ওপর আজ বুধবার শুনানি হতে পারে।
রিটকারী ইশরাত হাসান বলেন, ‘গত সোমবার কুমিল্লায় আদালতের এজলাসকক্ষে বিচারকের সামনে যেভাবে একজনকে হত্যা করা হয়েছে, তাতে আমি উদ্বিগ্ন। তাই দেশের সব আদালত চত্বরে বিচারকদের যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি করেছি।’ রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত সোমবার কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের খাসকামরায় জামিন নিতে আসা হত্যা মামলার এক আসামি ফারুক হোসেনকে অপর আসামি আবুল হাসান ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে ফারুকের মৃত্যু হয়। ঘটনার পরপরই আসামি আবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বিচারালয়সহ সারা দেশে তোলপাড় শুরু হয়।