সাভারে এক গৃহবধূকে ডেকে এনে মারধর ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ননদের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া অভিযুক্ত ধর্ষক মোখলেস উদ্দিনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোখলেস উদ্দিন (৩৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কানিপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমানে গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় বসবাস করতো।
মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় স্বামী দুর্ঘটনার শিকার হয়েছেন এমন তথ্য দিয়ে চিকিৎসার জন্য টাকা লাগবে বলে ভুক্তভোগী গৃহবধূকে সাভারের বাইপাইলে আসতে বলেন তার ননদের স্বামী মোখলেস।
এ ঘটনায় ওই গৃহবধূ টাকা জোগাড় করে রাজধানী মিরপুর পাইকপাড়ার বাসা থেকে সাভারের বাইপাইলে আসেন। পরে ননদের স্বামী ওই গৃহবধূকে বাইপাইল থেকে পার্শ্ববর্তী নিশ্চিতপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর প্রথমে গৃহবধূকে মারধর করে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় ননদের স্বামী মোখলেস।
এ ব্যাপারে সাভার উপজেলার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান বলেন, ভুক্তভোগী গৃহবধূর থানায় মামলা দায়েরের পর ধর্ষক মোখলেসকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।