লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল মেরামতের বরাদ্দ টাকা আত্মসাতের মাধ্যমে ভাগ-বাটোয়ারা না করায় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। গত মঙ্গলবার বিকেলে মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চলতি অর্থবছরে উপজেলা শিক্ষা অফিস ক্ষুদ্র মেরামতের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয় ওই বিদ্যালয়টিকে। বরাদ্দ পাওয়ার পর প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির লোকজনদের মঙ্গলবার বিকেলে স্কুল অফিস কক্ষে সভা আহ্বান করলে সভাপতি কামাল হোসেন কয়েকজন অনুসারী নিয়ে উপস্থিত হয়ে সভা শুরুর আগেই প্রধান শিক্ষককে বরাদ্দ দুই লাখ উত্তোলন করে তাকে দিতে বলেন। প্রধান শিক্ষক তা দিতে অস্বীকার করায় উপস্থিত শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্য সদস্যদের সামনে গালাগাল করেন। এ ঘটনায় অন্য সদস্যরা বের হয়ে যান।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়নি। সভাপতি হিসেবে শুধু দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীকে না জানিয়ে প্রধান শিক্ষক গোপনে কাজ করলে যা হওয়ার তাই হয়েছে।’
উপজেলা শিক্ষা অফিসার দৌলতুর রহমান জানান, ‘বিষয়টি অবগত হয়েছি। শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’