এ সময়ের বলিউডে সুপারস্টার সোনম কাপুর। দিনে দিনে অভিনয়ে পোক্ত হয়েছেন। তবে ক্যারিয়ারের শুরু থেকেই ফ্যাশন সেন্স আর ঠোঁটকাটা স্বভাবের জন্য চর্চিত তিনি। সম্প্রতি তার বলিউড ছাড়ার খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। লিখেছেন ইফতেখার শুভ
বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর গত ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর সোনম দাম্পত্য জীবনে যে ভীষণ সুখী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাঝেমধ্যে স্বামীর সঙ্গে নানান ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় সোনমকে। কিছুদিন আগে জাপানের টোকিওতে আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল অনিলকন্যা সোনমকে। শুধু তাই নয়, বিয়ের চার মাস পার হতে না হতেই তার মা হওয়ার সংবাদ শোনা গিয়েছিল। সোনম অবশ্য গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন ব্যাপারটি। নতুন খবর হলোÑ বলিউডকে নাকি বিদায় জানচ্ছেন এই নায়িকা! সোনমের স্বামী লন্ডনে বসবাস করেন। সোনম কখনো লন্ডন তো কখনো মুম্বাই, আবার কখনো শ্বশুরবাড়ি দিল্লিতে যাতায়াতের মধ্যেই থাকেন। এবার বলিউডপাড়ায় গুঞ্জন উঠেছে মুম্বাই ছেড়ে এবার পাকাপাকিভাবেই নাকি স্বামীর সঙ্গে লন্ডনে বসবাস শুরু করবেন এই ফ্যাশনিস্তা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুল-সংলগ্ন বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তার ৩৫ কোটির বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিতে চাইছেন সোনম। এই বাড়িটি বিক্রি করে সোনম নাকি লন্ডনের নটিং হিলে একটি বড় ফ্ল্যাট কিনবেন। যদিও এ নিয়ে তেমন কিছুই বলেননি সোনম বা তার কাছের কেউ।
তবুও হঠাৎ এমন খবরে আঁতকে উঠেছেন সোনম-ভক্তরা। তারা চান প্রিয় তারকা দীর্ঘদিন ধরে তাদের জন্য নতুন নতুন সিনেমা উপহার দিক। এরই মধ্যে সোনমের বলিউড ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ অনুসারী বলছেন, সোনম যেন বলিউড না ছাড়েন। তারা সোনমকে কতটা ভালোবাসেন সে কথাও প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, পুরো বিষয়টিই গুজব। কারণ, প্রিয় অভিনেত্রী নিজে থেকে এখনো কিছু জানাননি। অপরদিকে অনেকে সোনমের এই বিষয়টি নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়েননি। তারা বলছেন, সোনম অকৃতজ্ঞ। বলিউড থেকে নিজের অর্থ, নাম, যশ, খ্যাতি, জাতীয় পুরস্কার পেয়ে স্বার্থপরের মতো নিজের বিলাসিতার জন্য লন্ডন ভেগে যাচ্ছেন। কেউ কেউ তো আরও এককাঠি এগিয়ে। তারা বলছেন, সোনমকে তার বাবার কাছ থেকে কিছু শেখা উচিত। অনিল কাপুর এখনো কী দারুণভাবে পর্দায় নিজেকে মেলে ধরছেন। আর তারই মেয়ে হয়ে সোনম ক্যারিয়ারের মাঝপথে সব ছেড়ে চলে যাচ্ছেন।
এদিকে, সম্প্রতি মুম্বাইয়ের একটি গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রচারে অংশ নিয়েছেন সোনম। সেখানে স্বাভাবিকভাবে সাম্প্রতিক সময়ে বলিউডের নানা আলোচিত ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। যখনই তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়, তখনই ক্ষেপে যান এই তারকা। তবে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হাসিমুখে ব্যক্তিজীবন-সংক্রান্ত প্রশ্নটি এড়িয়ে যান সোনম। সেখান থেকেই তার বলিউড ছাড়ার গুজবটি আরও জোরালো হয়ে ওঠে। একই অনুষ্ঠানে এক নারী সাংবাদিক তাকে হেয় করে একটি প্রশ্ন করলে সোনম আর নিজেকে সামলে রাখতে পারেননি। তিনি ওই সাংবাদিককে মনে করিয়ে দেন, সেও একজন নারী। একজন নারী হয়ে অন্য নারীকে সমর্থন না করাটা নারী সমাজের এগিয়ে যাওয়ার পথে কতটা বিরূপ প্রভাব ফেলে, তা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেন। এমনকি বলিউডে এ সময়ের অন্যতম আলোচিত ইস্যু কঙ্গনার সঙ্গে সাংবাদিকের বিবাদের বিষয়েও নিজের মতামত প্রকাশ করেন তিনি। যদিও তাতে কোনো বিতর্কিত কথা খুঁজে পাননি সাংবাদিকরা। এ জন্য কঙ্গনার সঙ্গে সোনমের বন্ধুত্ব অটুট রয়েছে।
প্রসঙ্গত, শেষবার বাবা অনিল কাপুরের সঙ্গেই ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমায় দেখা যায় সোনমকে। এখন তিনি অভিষেক শর্মার ‘দ্য জোয়া ফ্যাক্টর’ সিনেমার শ্যুটিং করছেন। এতে সোনমের বিপরীতে দেখা যাবে ডালকার সালমানকে। সোনম-ভক্তদের প্রশ্ন, তবে কি এটিই সোনমের শেষ সিনেমা?