দান করে দ্বিতীয় ধনীর খেতাব হারালেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বিশে^র দ্বিতীয় ধনী ব্যক্তির আসন দখল করলেন ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আরনল্ড। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে পড়লেন গেটস। সম্প্রতি বিভিন্ন ফাউন্ডেশনে সাড়ে তিন হাজার কোটি ডলার অনুদান দেওয়ার পর আরনল্ডের তুলনায় সম্পদ কমে যায় বিল গেটসের। তবে শীর্ষ ধনীদের তালিকায় বিল গেটসের অবস্থান তৃতীয়। চড়া মূল্যে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও তালিকায় শীর্ষে রয়েছেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজুস। ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরনল্ড। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, আরনল্ডের নিট সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ১৮ হাজার কোটি টাকার সমান। বিল গেটস এখন ১০ হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের বিলিয়নেয়ারের তালিকায়ও জায়গা করে নিয়েছেন এই দুই ধনকুবের।

আরনল্ড এলভিএমএইচকে তৈরি করেছেন বৈশি^ক বিলাসবহুল পণ্যের পাওয়ার হাউজ হিসেবে। এখন এলভিএমএইচ নিয়ন্ত্রণ করে লুই ভুটন, ক্রিশ্চিয়ান ডায়র ও গিভেনঞ্চির মতো ব্র্যান্ড। শ্যাম্পেইন ডোম প্যারিনিয়ন ও প্রসাধনী ব্র্যান্ড সেফোরার আঁতুড়ঘরও এলভিএমএইচ। প্যারিসের নটর ডেম ক্যাথিড্রাল পুনর্নির্মাণে ২২ কোটি ৪০ লাখ ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়ে গত বছর পত্রিকার শিরোনামে ঠাঁই করে নিয়েছিলেন ৭০ বছর বয়সী আরনল্ড।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জনসেবামূলক কার্যক্রমে অনুদান না দিলে এখনো ধনীদের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানেই থাকতেন গেটস। এ পর্যন্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে সাড়ে ৩ হাজার কোটি ডলার অনুদান দিয়েছেন সফটওয়্যার গুরু।

ব্লুমবার্গের তালিকায় সাড়ে ১২ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছেন অ্যামাজন সিইও জেফ বেজোস।