ফারুককে নিয়ে ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানের সঙ্গে আপস করবেন না

পাস্তুরিত দুধ নিয়ে গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আ ব ম ফারুকের কাজকে সমর্থন জানিয়ে উপাচার্য ড. আখতারুজ্জামান বলেছেন, তার প্রতিষ্ঠানের শিক্ষকরা মানের সঙ্গে আপস করবেন না। গতকাল বুধবার মুঠোফোনে দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি।

বিভিন্ন কোম্পানির পাস্তুরিত দুধ নিয়ে গবেষণার ফল প্রকাশ করে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন মহলের চাপে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সদ্য সাবেক পরিচালক আ ব ম ফারুক। তবে তাকে সমর্থনও দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার গবেষণা নিয়ে ঢাবি উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘অধ্যাপক ফারুক একজন ভালো মানের গবেষক। কোনো গবেষণার ভুল ধরতে হলে সেটাকে গবেষণা দিয়ে প্রমাণ করতে হয়। কোনো ধরনের চাপ প্রয়োগ উচিত নয়। আশা করি, সংশ্লিষ্টরা এ বিষয়ে আরও সাবধান হবেন।’ তিনি আরও বলেন, ‘এটা একটা জনস্বাস্থ্যের ইস্যু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোয়ালিটির (মান) সঙ্গে আপস করবেন না।’

গত ২৫ জুন বাজারের কয়েকটি কোম্পানির দুধের নমুনা নিয়ে পরীক্ষা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ গবেষণার নেতৃত্বে ছিলেন অধ্যাপক আ ব ম ফারুক। তিনি জনস্বার্থে গবেষণার ফলাফল প্রকাশ করলে তা নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়।