মিরসরাইয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে করেরহাট সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সামনে একটি টাওয়ারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামিনা আক্তার মনা (১৯)। সে করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পরিবারের অভিযোগ, সামিনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। সামিনার মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার বড় মেয়ে নাসিমার দেবর শরিফ ইসলাম এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সামিনা মঙ্গলবার রাতে আমার পাশে শুয়েছিল। রাত সাড়ে ১২টার দিকে আমাকে জানিয়ে টয়লেটে যায়। সে ফিরে না আসায় ঘর থেকে বের হয়ে কোথাও খুঁজে পাইনি। পরে সকালে সামিনার বাবা বাড়ির পূর্ব পাশের পাহাড়ের ওপর একটি টাওয়ারের সঙ্গে সামিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।’ 

সামিনার বড় বোন নাসিমা আক্তার বলেন, ‘আমার বোন যথেষ্ট শান্ত ছিল। আমি যতটুকু জানি আমার দেবর শরিফ ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শরিফ ইসলাম প্রায়ই আমার বোন সামিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলত। শরিফ ইসলামের বাড়ি ফেনী সদর থানার ফাজিলপুর গ্রামে।’ 

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বুধবার করেরহাটে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, মঙ্গলবার রাতে মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। তার বাবা বাড়িতে ছিলেন না। পরে সকালে বাড়ির পাশের একটি টাওয়ারে গলায় ফাঁস অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন : মুন্সীগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত রাজিব তালুকদার (২৮) লৌহজং উপজেলার শামুর বাড়ি গ্রামের নুরু তালুকদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, লৌহজং উপজেলার শামুর বাড়ি গ্রামে ২০১৫ সালের ২৫ আগস্ট রাত ১০টার দিকে বসতঘরের ভেতর প্রবেশ করে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক রাজিব। ঘটনার পাঁচ দিনের মাথায় ৩০ আগস্ট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে যুবক রাজিব তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ছাত্রীর বাবা।

শেরপুরে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ১ : শেরপুরের ঝিনাইগাতী থেকে ঢাকাগামী চলন্ত বাসে গার্মেন্টকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জুলহাস নামে এক বাস হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ওই বাসসহ জুলহাসকে গ্রেপ্তার করা হয়। জুলহাস শেরপুর সদর উপজেলার তাতালপুর গ্রামের উসমান আলীর ছেলে। 

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার : সাভারে এক গৃহবধূকে ডেকে এনে মারধর ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ননদের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ধর্ষক মোখলেস উদ্দিনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মোখলেস উদ্দিন (৩৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কানিপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমানে গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় বসবাস করছে।

হাবিপ্রবির যৌন নির্যাতনকারী শিক্ষককে শাস্তির দাবিতে মানববন্ধন : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতনকারী শিক্ষক রমজান আলীকে বহিষ্কার ও শাস্তির দাবিসহ দেশব্যাপী শিশু-কিশোরী, নারী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি আয়োজনে দুপুর ১২টার দিকে প্রেস ক্লাবের সম্ম্ুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।