পুরান ঢাকায় রবার্ট মিলার

ডেঙ্গু নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (সিডিএমডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে পুরান ঢাকা পরিদর্শনকালে সহায়তার এ আশ^াস দেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশে (ঢাকায়)  আমাদের ছোট্ট একটা অফিস আছে যেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হয়। একই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নে কাজ করি আমরা। কীভাবে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে আলাপ করেছি।

মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বাংলাদেশ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস রয়েছে, সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে মিলার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি পুরান ঢাকার  ঐতিহ্যবাহী খাবার হাজির বিরিয়ানি, বাখরখানি ও মাঠার স্বাদ নেন। রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুব সুস্বাদু বলে উল্লেখ করেন এবং একই সঙ্গে আতিথেয়তার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান।

পরে রাষ্ট্রদূত ও মেয়র ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।