নেতৃত্ব হারানোর ভয়ে বিশ্রামে নিচ্ছেন না কোহলি!

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের দুটি সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দিতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু বিশ্রাম দিতে নারাজ ভারতীয় অধিনায়ক। ক্যারিবিয়ান সফরের শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন বলে জানা গেছে। সব ফরম্যাটের ক্রিকেটে দলের নেতৃত্ব হারানোর ভয় থেকে কোহলি দলের সঙ্গ ছাড়তে রাজি নন বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া। স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে তারা। এই সূচীর মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের সামনে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। সে কারণেই কোহলি ও জাসপ্রীত বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি সীমিত ওভারের সিরিজ থেকে অব্যাহতি দিতে চেয়েছিলেন নির্বাচকরা।

তবে কোহলি নিজে নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে, টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজও খেলবেন তিনি। নিউজিল্যান্ড সফরের শেষ দুটি ওয়ানডে ম্যাচে ও টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে দলের বাইরে রাখা হয়েছিল। তবে পরবর্তী অস্ট্রেলিয়া সফর থেকে এক টানা ক্রিকেট খেলে চলেছেন ভারত অধিনায়ক। বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটমহলে গুঞ্জন শুরু হয়ে যায় যে, বোর্ড টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা আলাদা অধিনায়কত্বের কথা বিবেচনা করছে। সেই মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে।

এই গুঞ্জন কতটা বাস্তব সম্মত তা নিয়ে সংশয় থাকলেও কোহলি যনি দলে না থাকতেন, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দু’টি সীমিত ওভারের সিরিজে অবধারিতভাবে অধিনায়কত্বের ভার পড়ত রোহিতের কাধেই। কোহলি নিজে খেলতে চাওয়ায় সেই সম্ভাবনায় আপাতত ইতি পড়ল। ক্রিকেটমহলের একাংশের ধারণা, অধিনায়কত্ব বাঁচাতেই বিরাট বিশ্রাম নেওয়ার ঝুঁকি নিতে চাননি।