মাদক ব্যবসায় বাধা, চাচাকে কুপিয়ে ভাতিজা গ্রেপ্তার

মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতেরা হলেন- স্থানীয় কাপড় ব্যবসায়ী আউয়াল মোল্লা তার ছেলে মঞ্জুর হোসেন মোল্লা, মেয়ে ছালমা বেগম ও মেয়ের জামাতা হেলাল।

আল-আমিন নামে এক হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আল আমিন আহত মঞ্জুর মোল্লার ভাতিজা এবং হাফেজ মোল্লার ছেলে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্রাহ্মনন্দী ইউপির ৩নং ওয়ার্ডের সুলপান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ছেলে নুরে আলম মোল্লা দেশ রূপান্তরকে জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী আল-আমিন ও জহিরুল মাদকের ব্যবসা করে আসছিল। তার বাবা এতে বাধা দিয়ে আসছিলেন।

তিনি আরো বলেন, এরই জেরে স্থানীয় মসজিদ থেকে তার বাবা ফজরের নামাজ শেষে বের হলে আল-আমিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় দা ও ছুরি দিয়ে তাকে কোপানো হয়। রক্ষা করতে এগিয়ে আসলে পরিবারের অন্য সদস্যের ওপরও তারা হামলা চালায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় আহত আউয়াল মোল্লার ছেলে নুরে আলম মোল্লা বাদী হয়ে তিন হামলাকারীকে আসামি করে একটি মামলা করেছেন। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।