সংবাদ সম্মেলনে জেমস স্টুয়ার্ট

রোহিঙ্গা নির্যাতনের বিচারে আইসিসি প্রতিজ্ঞাবদ্ধ

রোহিঙ্গা নির্যাতন তদন্ত ও বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিজ্ঞাবদ্ধ মন্তব্য করে সংস্থাটির ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট বলেছেন, এই বিচার প্রক্রিয়ায় আইসিসির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল

সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেমস স্টুয়ার্ট বলেন, রোহিঙ্গা নির্যাতনের তদন্ত ও বিচারের লক্ষ্যে আমরা কাজ করছি। এ লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। আইসিসির ডেপুটি প্রসিকিউটর বলেন, আইসিসি মানবতার বিরুদ্ধে অপরাধের আইনগতভাবে বিচার করে থাকে। যেকোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থেকেই আমরা কাজ করে থাকি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার আইসিসির সদস্য নয়। তবে বাংলাদেশ আইসিসির সদস্য। মিয়ানমার সদস্য না হলেও এই বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব।

রোহিঙ্গা নির্যাতনের বিচার ও তদন্ত প্রক্রিয়া শুরুর জন্য বাংলাদেশের সঙ্গে আইসিসি কোনো চুক্তি করবে কি নাÑ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিচারের জন্য বিশ্বের সব দেশের সঙ্গেই আইসিসি এমন চুক্তি করে থাকে। আইসিসি অনুমতি দিলে আগামী অক্টোবরের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা নির্যাতন তদন্ত শুরু করতে পারব বলে আশা করছি। রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের ঘটনা তদন্তে ১৬ জুলাই জেমস স্টুয়ার্টসহ আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। এই প্রতিনিধিদলের সদস্যরা আজ শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছে দলটি।