জাপানের কিয়োটো শহরে গতকাল বৃহস্পতিবার একটি অ্যানিমেশন স্টুডিওতে একজনের ধরানো আগুনে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী সন্দেহভাজন গতকাল সকালে কিয়োটোর অ্যানিমেশন স্টুডিওটিতে পুকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তাকে আটকের পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যার ভাষ্য বিষয়টি বর্ণনাতীত। কিয়োটো অ্যানিমেশন সংক্ষেপে কিয়োঅ্যানি হিসেবে পরিচিত, যেটি চলচ্চিত্র ও গ্রাফিক নভেলস বানায়। নির্মিত কাজগুলোর মানের কারণে প্রতিষ্ঠানটির সুনাম আছে অনেকের কাছে। স্থানীয় সময়
সকাল সাড়ে ১০টার দিকে তিন তলাবিশিষ্ট স্টুডিও ভবনে আগুন ধরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ছুরি পেয়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আগুন ধরার আগে লোকটিকে বিরক্তিকর শব্দ উচ্চারণ করতে শোনা যায়। তবে ওই প্রতিষ্ঠানের সঙ্গে অগ্নিসংযোগকারীর সম্পর্ক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণের পর ধরা আগুন মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটির পাশের এক বাসিন্দা বলেন, ‘আমি পোড়া কিছু লোককে ঢাকা অবস্থায় দেখেছি। তাদের অ্যাম্বুলেন্সে তোলা হয়।’ ৩৬ জনের মতো অগ্নিদগ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। আগুনের সময় ভবনে প্রায় ৭০ জন ছিলেন।