ঢাকাই ছবির নতুন ক্রেজ সিয়াম আহমেদ। গত ১৫ জুলাই থেকে তিনি শুরু করেছেন তার নতুন ছবি ‘বিশ্ব সুন্দরী’র কাজ। নরসিংদীর শিবপুর এলাকায় চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবির কাজ চলছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পরী মনি।
এদিকে শ্যুটিং চলাকালে সিয়ামকে একনজর দেখতে ভিড় জমান তার ভক্তরা। সেই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ভিড় জমান সাধারণ মানুষও।
সিয়ামের ফেইসবুক ওয়ালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গেটের বাইরে প্রচুর মানুষের ভিড়। সবাই সিয়াম আহমেদকে একনজর দেখতে এসেছেন। সিয়াম বেরিয়ে এলেন ভেতর থেকে।
তারপর ঘুরে ঘুরে ভক্তদের মনোবাসনা পূরণ করলেন। কাউকে দিলেন অটোগ্রাফ, হাত মেলালেন ভক্তদের সঙ্গে। কিন্তু এত মানুষের ভিড়ে তিনি সবার সঙ্গে হাত মেলানোর সুযোগ পাননি। কেউ কেউ ভিড় ঠেলে সেলফি তোলারও চেষ্টা করেছেন। যারা সেলফি নিতে পারেননি তারা নিজেদের ফোনেই সিয়ামের ছবি তুলেছেন।
অন্য একটি ভিডিওতে সিয়ামকে ভক্তদের মাঝে চকলেট বিতরণ করতে দেখা যায়। সিয়াম বলেন, ‘ভক্তদের জন্যই আমাদের এত পরিশ্রম।
তারা যখন ঘণ্টার পর ঘণ্টা আমার জন্য দাঁড়িয়েছিলেন তখন আমি মনে করেছি আমারও তাদের কাছে যাওয়া উচিত। এটা সত্যিই আমার জন্য বড় পাওয়া।’ ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে সিয়াম-পরী মনি ছাড়াও অভিনয় করেছেন চম্পা, আনন্দ খালেদ, সীমান্তসহ অনেকেই।