খালেদার জন্য আন্দোলন জোরালো করবে বিএনপি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির সাড়ে তিন মাসেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ‘এ অবস্থায়’ তাকে কারামুক্ত করতে রাজপথে আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরাম। এর অংশ হিসেবে ঈদের আগে বিভাগীয় সমাবেশ শেষ করে ঈদের পর জেলা পর্যায়ে সমাবেশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এসব কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য।

তিনি আরও জানান, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ করবে বিএনপি। এরপর কোরবানির ঈদের পর জেলা পর্যায়ে সমাবেশ করা হবে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাম-লীর সদস্যরা প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তিনি বলেন, বৈঠকে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে যে সংকট চলছে তা নিরসনের উপায় নিয়েও আলোচনা হয়। তবে কোনো সমাধান আসেনি। বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য এ সময় অভিযোগ করেন, সারা দেশে নারী ও শিশু ধর্ষণ বেড়ে গেছে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।

বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আজ শনিবার চট্টগ্রামে দলটির বিভাগীয় মহাসমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শনিবার স্থায়ী কমিটির যে নিয়মিত বৈঠক হয় তা একদিন আগে গতকাল শুক্রবার হয়েছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপির মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের জন্য লন্ডনে গেলেন। প্রধানমন্ত্রী কি রাষ্ট্রীয় সফর, না ব্যক্তিগত সফর, না চিকিৎসার জন্য গেলেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারারুদ্ধ রয়েছেন এবং চিকিৎসার জন্য এখন হাসপাতালে রয়েছেন। কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, তার স্বাস্থ্যের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার শারীরিক যেসব সমস্যা ছিল তার কোনো সমাধানই হয়নি। উপরন্তু সমস্যা বেড়েই চলেছে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। সে কারণে আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে দলটির মহাসচিব বলেন, অতিসম্প্রতি বাংলাদেশে অতিবৃষ্টি ও ভারত থেকে ছেড়ে  দেওয়া পানির ফলে যে বন্যা হয়েছে সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বন্যাদুর্গত এলাকার মানুষকে সহায়তায় বিএনপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য সচিব বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক হাজী মো. ইয়াসিন।

হজ ব্যবস্থাপনায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সম্পৃক্ত করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সাংবিধানিক পদে থেকে তিনি কী করে হজ ব্যবস্থাপনায় জড়িত হতে পারেন। এটা অসাংবিধানিক। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চান বিএনপি মহাসচিব।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান।