কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির আন্দোলনের হুমকির জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আইনি পথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির বিকল্প কোনো পথ নেই। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’। এতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আন্দোলনের হুমকি সাড়ে ১০ বছর ধরে আমরা শুনে আসছি। শুনতে শুনতে এখন বাচ্চা শিশুও তাদের আন্দোলনের কথা শুনলে হাসে। কারণ বিএনপির আন্দোলনের হুমকি একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
বরিশালে বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কয়েকটি বিষয়ের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। ‘উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে কিছু মানুষের পকেট ভারী হচ্ছে’Ñ মির্জা ফখরুলের এ বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ওনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশের উন্নয়ন না করে নিজেদের পকেট ভারী করেছিলেন। তখন দুর্নীতিতে দেশ পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তাই তারা এমন কথা বলছেন।’
‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ একটি ভোটও পাবে না’Ñ মির্জা ফখরুলের এ বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মতো একটি দলের মহাসচিব যদি এমন কথা বলেন, তাহলে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে। তিনি আসলে কতটুকু মানসিকভাবে ধীরস্থির আছেন, সেই প্রশ্নই জাগে।’