গোপালগঞ্জে যুবককে পিটিয়ে কুপিয়ে চুবিয়ে হত্যা

জেলার সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে পিটিয়ে, কুপিয়ে ও চুবিয়ে জসিম শেখ (৩০) নামে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের আজিজ শেখের ছেলে। তিনি ওই গ্রামে কয়েক বছর আগের এক হত্যা মামলার সাক্ষী।

স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য, ঈদুল ফিতরের দিন নামাজ শেষে জসিমসহ চারজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় করা মামলার আসামিরা সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে জসিমকে হত্যা করে।

স্থানীয় কয়েকজন জানায়, তিন-চার বছর আগে ওই গ্রামে লাক্কু মোল্লা নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হন। সেই থেকে গ্রামে দুটি পক্ষের মধ্যে দলাদলি চলে আসছিল। বখতিয়ার শেখ ও ইমাম শেখ এই দল দুটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত ঈদের দিন নামাজ শেষে বিবদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ বখতিয়ার শেখের নেতৃত্বে সংঘবদ্ধ একদল লোক ইমাম শেখের সমর্থক জসিমের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় জসিমকে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে, পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে তারা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।