সিলেট-আখাউড়া সেকশনের কুলাউড়া রেলস্টেশনের অদূরে ফের ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা কুলাউড়া স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়। এরপর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। গত শুক্রবারও কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
কুলাউড়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মুহিবুর রহমান জানান, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে কুলাউড়া স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী কালনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধার শেষে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর কালনি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
স্টেশনমাস্টার আরও জানান, কী কারণে বারবার ট্রেনের বগি লাইনচ্যুত হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।