নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইনসের কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু সরাসরি ফ্লাইট আগামীকাল সোমবার যাত্রা শুরু করছে।
হিমালয়ান এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বলা হয়, বিমান সংস্থাটি কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু রুটে এ৩২০-২১৪ বিমানের মাধ্যমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটগুলো স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে কাঠমান্ডু থেকে উড্ডয়ন ও স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন ও স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানগুলোতে ১৫০টি ইকোনমি ও আটটি প্রিমিয়াম ইকোনমি ক্লাসের আসন থাকবে। বাংলাদেশে নিযুক্ত নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধান বাহাদুর ওলি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।