শ্রেণিকক্ষে ছাত্রীদের যৌন নির্যাতন প্রধান শিক্ষকের

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। তার নাম ইউছুফ। অভিযোগ রয়েছে, পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মাসের বেশি সময় ধরে তিনি একাধিক ছাত্রীকে আপত্তিকর ভিডিও ও ছবি দেখিয়ে যৌন নির্যাতন

করে আসছিলেন। মাদারীপুরের কালকিনিতে কিশোরী ধর্ষণের অভিযোগে আশি বছরের এক বৃদ্ধকে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে ওই বৃদ্ধের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করে পুলিশে দিয়ে মামলা দেওয়া হয়েছে।

গাজীপুরে এক নারী পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীয়তপুর সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মাদারীপুরে ধর্ষণের অভিযোগে ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার : মাদারীপুরের কালকিনিতে কিশোরী ধর্ষণের অভিযোগে আশি বছরের এক বৃদ্ধকে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ, গত শুক্রবার বিকেলে কিশোরীকে নলকূপ থেকে খাওয়ার পানি নিয়ে আসার জন্য অনুরোধ করেন আফিরউদ্দিন মাতুব্বর। ওই কিশোরী ঘরের মধ্যে গেলে তিনি তাকে ধর্ষণ করেন।

আফিরউদ্দিন মাতুব্বরের মেয়ে বলেন, ‘আমার বাবার বয়স এখন ৮০ বছরের মতো। বয়সের ভারে তিনি ভালোভাবে হাঁটাচলা করতে পারেন না, বার্ধক্যজনিত কারণে প্রায় অসুস্থ থাকেন। আমাদের কোনো ভাই না থাকায় বাবা সব জমি আমাদের বোনদের নামে লিখে দিয়েছেন। এরপর থেকেই প্রতিবেশী পরিবারের সঙ্গে আমাদের শত্রুতা চলে আসছে। আর এরই জের ধরে এই মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। তাকে বেদমভাবে মারধর করা হয়েছে।’

কালকিনির ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন বলেন, ওই কিশোরীর পরিবারের লোকজন এ ঘটনায় ওই বৃদ্ধকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। পরে তার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলার বাদী হয়েছেন ওই কিশোরীর বাবা। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

শরীয়তপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ : শরীয়তপুর সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে দেলোয়ার ছিপাই (৩৭) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী জানায়, গত ২৮ মে দুপুরে প্রতিবেশী দেলোয়ার ছিপাইর বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায় ওই কিশোরী। ওই সময় কিশোরীকে ধর্ষণ করে দেলোয়ার। ভয়ে এতদিন কাউকে কিছু বলেনি ওই কিশোরী। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে কিশোরীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পরিবার।

পালং মডেল থানা পুলিশের ওসি মো. আসলাম উদ্দিন বলেন, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি অন্তঃসত্ত্বা কি না জানতে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা চলছে।

ছাত্রীদের যৌন হয়রানি, প্রধান শিক্ষক আটক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ^র ইউনিয়নে পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ইউছুফ নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

অভিভাবকদের অভিযোগ, পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ গত এক মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইল ফোনে পর্নো ভিডিও ও ছবি দেখাত। একই সঙ্গে ক্লাস ও অফিসকক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে যৌন নির্যাতন করে আসছিল।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার বিকেল ৩টার পর অভিযুক্ত শিক্ষক ইউছুফের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। রবিবার তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণ : গাজীপুরে এক পোশাক শ্রমিককে (২৩) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মামলার পর এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কবির হোসেন (২৯)। বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডোড়া গোয়ালপাড়া এলাকায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাসন থানার এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, ভিকটিম মহানগরীর চান্দনা-চৌরাস্তা দীঘিরচালা এলাকায় ভাড়া থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করেন। কবিরের এক বন্ধুর মাধ্যমে ভিকটিমের সঙ্গে তার পাঁচ বছর আগে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে কবির ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই পোশাক শ্রমিক অন্য একটি ছেলেকে বিয়ে করেন। বিয়ের ১৭ দিন পর আবারও বিয়ের আশ্বাস পেয়ে ভিকটিম তার স্বামীকে ডিভোর্স দেন। কিন্তু কবির তাকে বিয়ে না করে টালবাহানা শুরু করে। পরে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম বাদী হয়ে কবিরকে আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করেন।