কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে পিটুনিতে নিহত ১

মৌলভীবাজারে কমলগঞ্জের একটি চা বাগানে ছেলেধরা সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে চা শ্রমিকরা। খবর পেয়ে বাগানের কর্মকর্তারা দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টায় তিনি মারা যান।

ঘটনাটি শনিবার রাত সাড়ে ১০টায় রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে ঘটে।

চা বাগানের শ্রমিকরা জানান, রাত ১০টা দিকে চা বাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন অজ্ঞাত এক ব্যক্তি। বাগানের কয়েকজন শ্রমিক অজ্ঞাত ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করার সময় ঠিকঠাক উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে বাগান শ্রমিকরা তাকে পিটুনি দেয়।

পরে দেওড়াছড়া চা বাগানের মেডিকেল সুপারভাইজার গোপাল দেব তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।