সাভারের তেঁতুলঝোড়ায় বাসা ভাড়া নিতে গেলে অজ্ঞাতপরিচয় এক নারীকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮’শ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, অজ্ঞাতপরিচয় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৭-৮’শ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
বাসা ভাড়া নিতে যাওয়া ওই নারীকে ছেলে ধরা বানিয়ে গুজব রটিয়ে যে বা যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মামলাটি পিবিআইকে দায়িত্ব দিয়ে নিহত ওই নারীর হাতের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এছাড়া তিনি আরও জানান, সম্প্রতি দেশে কিছু চক্র গুজব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। তাই গুজবে কান না দিয়ে এ ধরনের কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ জানান তিনি।
এর আগে শনিবার সকালে নিহত ওই নারী তেঁতুলঝোড়া এলাকার জজ মিয়ার ও ফারুকের বাসা ভাড়া নেওয়ার জন্য ঘর দেখতে যায়। এসময় কে বা কারা তাকে ছেলে ধরা অপবাদ দিয়ে পিটিয়ে জনতার হাতে তুলে দেয়।
পরে উত্তেজিত জনতা তাকে মারতে মারতে ঘটনাস্থল থেকে পাঁচশ গজ দূরে হেমায়েতপুর-শিঙ্গাইর সড়কে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।