শেষ ওভারে মিঠুনদের হার

বড় সংগ্রহই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তাতেও আফগানিস্তানের ‘এ’ দলের সঙ্গে পেরে উঠল না তারা। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৪ উইকেটে হার মানে বাংলাদেশ। ২৭৯ রানের টার্গেটে ইব্রাহিম জাদরানের অনবদ্য শতকে পাঁচ বল হাতে রেখে জয়ের জন্য ২৮১ রান করে অতিথি দল। এই জয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচটিতে ১০ উইকেটের জয় পায় তারা।

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান করে বাংলাদেশ ‘এ’ দল। ৯৪ বলে পাঁচ চার ও চার ছক্কায় ৮৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন মোহাম্মদ নাইম। অন্যদের মধ্যে ইমরুল কায়েস ৪০, সাব্বির রহমান ৩৫ ও এনামুল হক ২৬ রান করেন।

জয়ের লক্ষ্যে পৌঁছাতে আফগানিস্তান হারিয়েছে ৬ উইকেট। একাই ১২৭ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। ১৪৯ বলে গড়া তার ইনিংসটিতে রয়েছে সাত চার ও সাত ছক্কা! অপরাজিত ৩৬ রান করেন সরাফউদ্দিন আশরাফ। অন্যদের মধ্যে করিম জানাদ ২৪, উসমান গনি ২৬ ও রহমতউল্লাহ গুরবাজ ২১ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে শফিউল ইসলাম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও সাব্বির রহমান।

বুধবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।