ঢাকা-সৈয়দপুরে দিনে পাঁচ ফ্লাইট নভোএয়ারের

আগামী ১ আগস্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। বর্তমানে এই রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। গতকাল রবিবার নভোএয়ারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায় নভোএয়ারের ফ্লাইট। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা, বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি বেলা ১টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাবে। বেলা আড়াইটায় ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এ ছাড়া নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, যশোর রুটে ৫টি করে, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০, কক্সবাজার ৩ হাজার ৯০০, সৈয়দপুর ২ হাজার ৭০০, যশোর ২ হাজার ৭০০ , সিলেট ২ হাজার ৭০০, বরিশাল ২ হাজার ৭০০, রাজশাহী ২ হাজার ৭০০ এবং কলকাতা-ঢাকা-কলকাতা রুটে ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।