যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের পৃথক দুটি মামলা খারিজ করে দিয়েছে আদালত।
গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক দুই বিচারক মামলা দুটি খারিজ করে দেন। খারিজ আদেশে বলা হয়, রাষ্ট্রদ্রোহের মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেই। এ ছাড়া মামলার বাদীরা সরকারের
ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও না। তাই তাদের অভিযোগের আবেদন আমলে নেওয়ার সুযোগ নেই।
এর আগে গতকাল সকালে আদালতে বাদী হয়ে প্রথম মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য মো. ইব্রাহিম খলিল। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান বিকেল ৩টায় মামলাটি খারিজ করে দেন এবং বাদী হয়ে পরের মামলাটি করেন আইনজীবী সায়্যেদুল হক সুমন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম জিয়াউল হাসান দুপুর দুইটায় খারিজ করে দেন।
মামলা দুটির বাদীরা প্রিয়া সাহার বিরুদ্ধে দ-বিধির ১২৪(ক) ধারায় অভিযোগ দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করার আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
জানা গেছে, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দ্বিতীয় সম্মেলনে যোগ দেন প্রিয়া সাহা। তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছে। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’
ছয় জেলায় প্রিয়া সাহার বিরুদ্ধে মামলার আবেদন
খুলনা : রাষ্ট্রদ্রোহ ও সরকারের বিরুদ্ধে বিষোদগারের অভিযোগ করে প্রিয়া সাহার বিরুদ্ধে খুলনায় দুটি মামলার অনুমতি চেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল ও আরেক ব্যক্তি মদন কুমার সাহা। কামরুজ্জামান জামালের আইনজীবী বলেছেন, মামলাটি নথিভুক্ত হয়েছে। তবে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়ায় পরবর্তী কার্যক্রমের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে।
যশোর : জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় প্রিয়া সাহার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করেন। আদালত এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।
ঝালকাঠি : প্রিয়া সাহার বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন। বিচারক এ এইচ এম ইমরানুর রহমান অভিযোগ গ্রহণ করে বাদী ও আইনজীবীর বক্তব্য শোনেন। তবে তিনি এ বিষয়ে কোনো আদেশ দেননি।
ব্রাহ্মণবাড়িয়া : চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকালে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের কওমি মাদ্রাসার পরিচালক মাও. মো. আসাদ উল্লাহ। মামলাটি যথাযথভাবে করা হয়নি জানিয়ে বিচারক মো. মাসুদ পারভেজ এটি খারিজ করে দেন।
নেত্রকোনা : নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার অনুমতি চেয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম আজাহারুল ইসলাম অরুণ। বাদীর আইনজীবী বলেন, বিচারক এ ব্যাপারে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া প্রিয়া সাহা ১৭ জুলাই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন।’