টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

জেলার টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ হোছন (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে মাদক মামলার আসামি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি বলছে পুলিশ। পুলিশের ভাষ্য, গতকাল রবিবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় দুটি এলজি, ৯ রাউন্ড কার্তুজ, ১২ রাউন্ড কার্তুজের খোসা ও ২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। নিহত হোছন হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত আনু মিয়ার ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

তালিকাভুক্ত মাদক কারবারি এবং ৬ মামলার পলাতক আসামি হোছনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা মজুদের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে, শিয়াইল্যা ঘোনা নামক পাহাড়ের পাদদেশে অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে হোছন গুলিবিদ্ধ হয়। তিনি আরও বলেন, গুলিবিদ্ধ হোছনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।