সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে অসুস্থ হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ অভিযুক্ত ওহাব কবিরাজকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে সাভারে কাউন্দিয়া ইউনিয়নে আলী নগর এলাকায় কবিরাজের পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।
নিহতরা হলেন- জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। তারা রাজধানীর মিরপুরের বাসিন্দা বলে জানা গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য আসেন জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি। এসময় তারাসহ আরো দুইজন কবিরাজের দেওয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক দিন পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুল মারা যায়। তবে চিকিৎসাধীন অপর দুইজনের অবস্থা শঙ্কামুক্ত বলেও জানান তিনি।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।