পাকিস্তানকে সেরা ক্রিকেট টিম বানাতে চান ইমরান খান

অধিনায়ক হিসেবে তিনি পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সেই ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার সময়েই কি না ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে পারেনি। মানতে পারছেন না ইমরান খান। কিছু একটা করার তাগিদ অনুভব করছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব সামলে কতদূর কী করতে পারবেন তা সময় বলবে। তবে আমেরিকা সফরের সময় প্রবাসী পাকিস্তানিদের কথা দিয়েছেন ‘সেরা ক্রিকেট টিম’ বানাবেন তিনি।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে
পাকিস্তান। উইন্ডিজের কাছে বাজেভাবে হেরে সরফরাজ আহমেদের দল বিশ্বকাপ মিশন শুরু করে। শেষ করেছিল বাংলাদেশকে হারিয়ে। রাউন্ড রবিন লিগে নয় ম্যাচের তিনটিতে হেরেছিল তারা। পাঁচ ম্যাচ জিতলেও একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে ১১ পয়েন্ট নিয়েও সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয় সরফরাজরা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকার কারণে সেমিতে ওঠে নিউজিল্যান্ড।
পরের বিশ্বকাপেও পাকিস্তান যাতে ব্যর্থ না হয় সেটা নিশ্চিত করতেই ইমরান খান বলেছেন, ‘পরের টুর্নামেন্টের জন্য আমরা সেরা দল তৈরি করার কাজ শুরু করেছি। দলে আমরা সেরা ক্রিকেটারদের তুলে আনব। আমার কথা মিলিয়ে নেবেন।’ ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনার প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে এভাবেই ক্রিকেট ফ্যানদের আশ্বস্ত করেন ইমরান। তবে নিজের দেশকে সেরা বানানো যে সহজ ব্যাপার নয় সেটাও বিলক্ষণ জানেন তিনি। সন্ত্রাসের কারণে বড় দলগুলো বহুদিন ধরেই পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না। সীমিত ওভারের ক্রিকেট খেলতে সেখানে কিছুদিন আগে গিয়েছিল উইন্ডিজ। দেশে আন্তর্জাতিক ক্রিকেট না ফেরাতে পারলে ইমরানের স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে বলে মনে করছে ক্রিকেটমহল।