নারায়ণগঞ্জের শিশু আলিফ হত্যার রায়ে অহিদের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার চার বছরের শিশু শিহাবউদ্দিন আলিফ হত্যা মামলায় একমাত্র আসামি অহিদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নিহত আলিফের মা সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি এবং দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

আদালত সূত্রমতে, ২০১৮ সালের ১৬ আগস্ট দুপুরে বাড়ির সামনে খেলা করার সময়ে নিখোঁজ হয় আলিফ। পরে বিকেল ৫টার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নিচতলার ভাড়াটের তালাবদ্ধ রুম থেকে এলাকাবাসী বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে আলিফের মরদেহ। এ সময় তার দুই হাত বাঁধা ও মুখে রুমাল গোঁজা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। আগের দিন দেশে আসা আলিফের বাবা সৌদিপ্রবাসী আলমগীর হোসেন বাদী হয়ে পরদিন ১৭ আগস্ট সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর ৩১ আগস্ট ঘাতক অহিদকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা থেকে গ্রেপ্তার করার পর ১ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিপণের জন্য অপহরণ ও হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।