ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে রাজস্ব বেড়েছে ২২%

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট গত ২০১৮-১৯ অর্থবছর ২ হাজার ৭৮১ কোটি টাকার রাজস্ব আয় করেছে। ২০১৭-১৮ অর্থবছর এ পরিমাণ ছিল ২ হাজার ২৮০ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসেবে সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্বে প্রবৃদ্ধি প্রায় ২২ শতাংশ।

ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেন, সময়োপযোগী কৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় রাজস্ব আয়ের ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

এছাড়া নিয়মিত পরিদর্শন ও অডিটের মাধ্যমে কর ফাঁকি রোধ করা হচ্ছে। ফলে রাজস্ব বেড়েছে।

তিনি বলেন, সঠিকভাবে ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যা রাজস্ব আয়ে ইতিবাচক ফল বয়ে এনেছে। এছাড়া এবারের বাণিজ্য মেলায় ভ্যাট আদায়ের পরিমাণ আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি ছিল বলে তিনি জানান।