বিএনপি অফিসের সামনে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের ‘শোডাউন’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শোডাউন’ করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতারা। ছাত্রদলের নতুন কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির কথিত ‘ম্যানেজ’কে চ্যালেঞ্জ করে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা  থেকে প্রায় এক ঘণ্টা তারা এ অবস্থান নেন।

এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সেøাগান দেন। তবে তারা কার্যালয়ে প্রবেশে কাউকে বাধা দেননি। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি  টের পেয়ে গ্রেপ্তারের ভয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে বিলুপ্ত কমিটির সহসভাপতি (বহিষ্কৃত) ইখতিয়ার রহমান কবির উপস্থিত সাংবাদিকদের জানান, তারা অনেক দিন নয়াপল্টন কার্যালয়ে না যাওয়ায় গতকাল গিয়েছিলেন। এটা শোডাউন নয়। তিনি আরও জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও তারেক রহমানের পক্ষে সেøাগান দিতেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়; তারা কয়েকজনকে খুঁজতে থাকে। এমন পরিস্থিতিতে তারা দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা জানান, সম্প্রতি সার্চ কমিটির নেতারা তারেক রহমানকে জানিয়েছেন যে, বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের ৮০ শতাংশকে ম্যানেজ করা হয়েছে। সময় পেলে বাকিদেরও ম্যানেজ করা সম্ভব হবে। সার্চ কমিটির এই ‘ম্যানেজ’ বক্তব্যকে চ্যালেঞ্জ করে তারা শোডাউন করেন। এর মাধ্যমে তারা দেখিয়ে দিলেন তাদের কেউই ম্যানেজ হননি। গত শনি ও রবিবার তারা ঢাকা বিশ^বিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে দুই দফা বৈঠক করেন। ওই বৈঠকে গতকালের শোডাউনের সিদ্ধান্ত হয়।