আ.লীগ নেতাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা দরকার : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে একটু স্পেস দিলে আওয়ামী লীগ রাস্তা দিয়ে নয়, গলি দিয়েও পালানোর সুযোগ পাবে না। গণরোষ আপনারা দেখবেন। মুজিব কোট আর কারও গায়ে থাকবে না। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির নির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।

‘জনরোষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পতন হয়েছে’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী আরও বলেন, জনরোষে বেগম খালেদা জিয়ার পতন হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোষে খালেদা জিয়া আজ কারাগারে। এই হাছান মাহমুদরা দেশের রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের ন্যূনতম স্পেস দিচ্ছে না। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ডাকাতের মতো রাষ্ট্রক্ষমতা দখল করেছেন। জনগণকে ত্যাজ্য করেছেন। আবার বলছেন গণরোষে খালেদা জিয়ার পতন হয়েছে। গণরোষ দেখবেন আপনারা। অপেক্ষা করেন।

আওয়ামী লীগ নেতারা মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, এদের এখন মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার। এত মিথ্যা কথা কীভাবে বলে। দেশের সর্বত্র জনগণের হাহাকার, আহাজারি। নারী-শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। শিশুদের কাটা মাথা পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। আর আওয়ামী লীগ বলছে উন্নয়ন হয়েছে। উন্নয়ন মূলত তাদের চাপাবাজিতে হয়েছে।

প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। আর প্রধানমন্ত্রী ১৮ দিনের ছুটিতে লন্ডন চলে গেছেন। এই হচ্ছে সরকারের দায়িত্ব। তাদের ভোট লাগে না। তাতে নির্বাচন লাগে না। তাদের লাগে পুলিশ আর র‌্যাব।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই অভিযোগ করে রিজভী বলেন, এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এটা প্রতিরোধে ব্যাপক ‘ড্রাইভ’ প্রয়োজন। অথচ স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকা- নেই।

মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।