শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে শুরুতেই রুবেল-তাসকিনের তোপ

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করতে নেমেছে বাংলাদেশ দল। টস হেরে প্রথমে বোলিংয়ে নামা টাইগারদের দারুণ শুরু এনে দিয়েছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

কলম্বোর পি সারা ওভালে তাদের বোলিং তোপে দলীয় ৩২ রানেই টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

প্রথম ওভারেই আঘাত হানেন রুবেল। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন অধিনায়ক ও ওপেনার নিরোশান ডিকভেলা। দলীয় ২৬ রানে অপর ওপেনিং ব্যাটসম্যান দানুশকা গুনাথিলকাকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে পরিণত করেন তাসকিন আহমেদ।

দলীয় স্কোর বোর্ডে আর চার রান জমা পড়তেই ফের আঘাত হানেন রুবেল। তিন নম্বরে ব্যাট করতে নামা ওসাদা ফের্নান্দোকে মোসাদ্দেকের ক্যাচে পরিণত করেন ডানহাতি এই পেসার।

কলম্বোর আর পেসাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। অপর দুই ম্যাচও হবে একই ভেন্যুতে ২৮ ও ৩১ জুলাই।