ফরিদপুরের বন্যায় এখনো মানুষ দুর্ভোগে রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ২২৩টি গ্রাম মানুষ বন্যার পানিতে বন্দি রয়েছে। জেলা প্রশাসন বলছে, বন্যার্তদের পাশে সরকারি কর্মকর্তারা সব সময় রয়েছে, পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী।
পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৪৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোয়ালন্দ পয়েন্টের গেজ রিডার ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার কমেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ফরিদপুরের বন্যা কবলিত তিনটি উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান রবিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, বন্যায় প্লাবিত পানিবন্দি পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে নিয়মিত এবং ত্রাণ দেওয়া হচ্ছে।
তিনি জানান, এখন পর্যন্ত চারটি উপজেলায় ১৫টি ইউনিয়নে ২৮০ মেট্রিকটন চাল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে।