শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে মুশফিক-মিঠুনের ফিফটি

বিশ্বকাপে ব্যাট হাতে ভালো সময়ই পার করেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা সফরেও ছন্দে থাকার বার্তা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে করলেন ফিফটি। তার দেখানো পথে হাঁটলেন মোহাম্মদ মিঠুনও।

মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮২ রানের পুঁজি গড়ে স্বাগতিক দল।

জবাব দিতে নেমে তামিম ইকবাল ভালো শুরু এনে দেন দলকে। তবে থিতু হয়েও ৩৭ রান করে ফেরেন এই সফরে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। আরেক ওপেনার সৌম্য সরকার ১৩ রান করেন।

মুশফিক চার নম্বরে নেমে খেলেছেন ঠিক ৫০ রানের ইনিংস। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হওয়ার আগে নিজের ইনিংসটি সাজান ৪৬ বলে ৬ চার ও ১ ছক্কায়। মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি হয় তার। মিঠুন ফিফটি তুলে নিয়ে ব্যাট করে চলেছেন।

এই প্রতিবেদন লেখার সময় ২৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভার শেষে ১৭৮/৩। মোহাম্মদ মিঠুন ৫০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য ১৮ ওভারে ১০৫ রান প্রয়োজন টাইগারদের।

ফিফটি করে ফেরা মুশফিক বিশ্বকাপে ৮ ম্যাচে ৩৬৭ রান করেন। একটি সেঞ্চুরির সঙ্গে ছিল দুটি ফিফটি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাকিব আল হাসানের পরই ছিল তার অবস্থান। সব মিলে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ছিলেন ১৬তম।

মিঠুনের বিশ্বকাপটা ভালো যায়নি। প্রথম তিন ম্যাচ খেলার পর জায়গা হারান একাদশ থেকে। তবে শ্রীলঙ্কায় পাড়ি দেওয়ার আগে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন।