নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পলাশবাড়ি ইউনিয়নের তরনীবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে।

নিহত সুবজ রায় (১৭) সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের রমানাথ রায়ের ছেলে। সে রংপুর সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানান, সবুজ রায় রেললাইনের ধারে খালে মাছ ধরার জন্য রেললাইন পার হতে গিয়ে পা পিছলে লাইনের ওপর পড়ে যায়। সেখান থেকে উঠে আসার আগেই রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় সে।

রেলওয়ে পুলিশ সৈয়দপুর থানার উপ-পরিদর্শক ফিরেজুল ইসলাম জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’