মায়ের হত্যার বিচার চেয়ে রাজপথে তোবা

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর হত্যাকারীদের বিচারের দাবিতে শত মানুষের ভিড়ে রাজপথে দাঁড়িয়েছে তার চার বছরের মেয়ে তাসনিম তোবা। গতকাল দুপুর ১২টার দিকে রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সর্বস্তরের মানুষ। বক্তারা বলেন, ছেলেধরা গুজবে রেনুকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে হতে

পারে না। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। এ সময় পরিবারের লোকজন এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, পৌর যুবলীগ নেতা হোসেন সরর্দার, তানভীর কামাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন ও রেনুর বড়বোন সেলিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত শনিবার সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে লোকজন জড়ো হয়ে ছেলেধরা বলে তাকে পিটুনি দেয়। রায়পুরের উত্তর সোনাপুর গ্রামে রেনুর বাড়ি।