সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসন গত সোমবার দুপুরে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সে উপলক্ষে কাজিপুরে যান। তাদের সংবর্ধনা দিতে প্রচণ্ড রোদের মধ্যে প্রায় দুই ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় সাত শতাধিক শিক্ষার্থীকে।
গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নির্মাণাধীন শহীদ এম মুনসুর আলী ইকোপার্কে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখা হয়। অতিথিরা আসার আগে থেকেই মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রঙিন ব্যানারসহ শিক্ষার্থীদের রোদের মধ্যে লাইন করে দাঁড় করিয়ে রাখেন। কিছু শিক্ষার্থী জানায়, তারা আসতে না চাইলেও জোর করে শিক্ষকরা তাদের নিয়ে এসেছেন। ঘটনাস্থলে থাকা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘প্রধান শিক্ষকের নির্দেশে কয়েক শিক্ষকসহ শিক্ষার্থীদের আনা হয়েছে।’ মন্ত্রী আসবেন বলে স্কুলের ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের ব্যানারসহ রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা কেএম শফী উল্লাহ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, ‘মন্ত্রী আসছেন ত্রাণ দিতে। কিন্তু স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীদের আসতে বলা হয়নি। তবে ত্রাণ বিতরণ স্থানটি
স্কুলের সামান্য দূরে হওয়াতে সম্ভবত তারা নিজেরাই মন্ত্রীদের এক নজর দেখতে এসেছে।’
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘আমার ধারণা, অতি উৎসাহ থেকে এমনটি করেছে স্কুল কর্র্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। স্কুল কর্র্তৃপক্ষকে আগাম আমন্ত্রণ বা নির্দেশনা দেওয়া হয়নি।’